সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )







“ প্রতিবাদী ঝড় ”


এমন ঝড় তোমরা দেখেছ কেউ কোনদিন?
প্রতিবাদের ঝড়... মানবিকতার ঝড়?
পৃথিবী ধ্বংসের কথা ভুলে রাস্তায় নেমেছে মানুষ,
আবালবৃদ্ধ বণিতা কিশোর কিশোরী... সমাজস্তর,
উত্তাল দিল্লির মসনদ... লোকসভা রাজ্যসভা;
সরব বিক্ষোভে ফেটে পড়া মানুষের ঢল,
উপচে পড়া রাস্তা... যানজট... অচল রাজধানী।
বীভৎস ধর্ষণ... কেঁপে ওঠে অন্তরাত্মা...
সরগরম রাজধানীর অলিগলি বিক্ষোভ চরম,
ঘেরাও রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ… সর্বত্র ।
কাঁদানে-গ্যাস, লাঠি-চার্জ, জলকামানে হবে না প্রতিহত,
সারা দেশ ব্যাপী প্রতিবাদ মুখরিত মানুষের স্রোত ।
কল্লোলিনী কোলকাতা- তোমার নীরবতায় বিস্ময় জাগে,
সেই চেনা প্রতিবাদী ভাষা কেন আজ নীরব নির্বাক ?
ধর্ষিতার বাঁচার লড়াই ভেন্টিলেটর ক্ষতবিক্ষত,
জবানবন্দি উগরে দিতে উদগ্রীব নারী;
বীরাঙ্গনা- আজ তোমার পাশে সারা দেশ ।
ধ্বংস হোক নৃশংসতা বর্বরতা অত্যাচার,
চাই কঠিন কঠোর শাস্তি... দৃষ্টান্তমূলক,
দোষীর সাজা হোক ফাঁসি কিংবা নপুংসক;
প্রয়োজনে আইন বদল চাই এই মুহুর্তে,
আন্দোলন থামাতে চেয়ো না বলপুর্বক,
বৃথা চেষ্টা করো না অহেতুক কাপুরুষ;
মানুষ জেগেছে আজ সোচ্চার দিকে দিকে,
আইন রক্ষক- বাঁচতে হলে এবার তোমরাও জাগো !!!

(২২.১২.২০১২ )

দেরাদুন । 


Previous Post Next Post

বিজ্ঞাপন